মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাংনী উপজেলার ঝিনিরপুল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইঞ্জিনচালিত পাখিভ্যানের যাত্রী আবুল হাসেম (৬৫) নিহত এবং পাখি ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবুল হাসেম গাংনী পৌরসভার ঝিনিরপুল এলাকার মৃত দৌলত হোসেনের ছেলে। নিহতের শ্যালক জাহিদ হোসেন মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় আহতরা হলেন, শিশিরপাড়া এলাকার সদর উদ্দিনের ছেলে পাখিভ্যানচালক আব্দুর রহমান (৪০) এবং গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গরিবনগরপাড়ার রঞ্জিত হোসেনের ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ হোসেন (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবুল হাসেম গাংনী হাসপাতাল এলাকা থেকে ওষুধ কিনে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পাখিভ্যানটি ঝিনেরপুল এলাকায় ইউটার্ণ নিতে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় তারা গুরুতর আহত হন এবং মোটরসাইকেল ও ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আবুল হাসেমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, আহত হাসেম আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর দুই আহতকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান নিহতের মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে।