স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ইজিবাইকে ভুলবশত ফেলে যাওয়া নগদ টাকা, রুপার গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ একটি ভ্যানিটি ব্যাগ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
একইসঙ্গে ব্যাগটি উদ্ধার করে পুলিশের কাছে জমা দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই যুবক।
হাসপাতাল পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা অনামিকা পাল (২৩) পুলেরহাট থেকে ইজিবাইযোগে দড়াটনায় যাওয়ার পথে অসাবধানতাবশত তার লাল রঙের ভ্যানিটি ব্যাগটি বাইকটিতে ফেলে যান।
ব্যাগটিতে নগদ ছয় হাজার টাকা, এক জোড়া রুপার নূপুর, এক জোড়া রুপার আংটি, সিটি গোল্ডের কিছু গয়না, দুটি সিম কার্ড, দুটি মেমোরি কার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ছিল।
পরে মণিরামপুর উপজেলার ডাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের চন্দন (২২) ও তার সহযোগী ইমন (২১) ইজিবাইকে ব্যাগটি দেখতে পেয়ে নিজেদের কাছে না রেখে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুলিশ বক্সে জমা দেন।
হাসপাতাল পুলিশ ব্যাগে থাকা কাগজপত্র ও অন্যান্য তথ্য যাচাই করে প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করে।
শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অনামিকা পাল প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করলে যাচাই-বাছাই শেষে তার হাতে ব্যাগটি এবং ভেতরে থাকা নগদ অর্থ, গয়না ও অন্যান্য সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত এএসআই আব্দুস সালাম, কনস্টেবল আজিজুল ইসলাম ফাহিমসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ব্যাগ ও মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে অনামিকা পাল সততার পরিচয় দেওয়া দুই যুবক এবং দায়িত্বশীলতার সঙ্গে ব্যাগটি ফিরিয়ে দেওয়ায় হাসপাতাল পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।