খুলনা অফিস
খুলনায় কর্মরত সংবাদকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, প্রতিদিন কাজ শেষে আব্দুল জলিলের দোকানের পাশে চেয়ার নিয়ে কয়েকজন সাংবাদিক গভীর রাত পর্যন্ত আড্ডা দেন। মঙ্গলবার রাতে সেখানে এমইউজে খুলনার কোষাধ্যক্ষ ও এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ এবং এমইউজে খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরসহ ৫-৬ জন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে আকস্মিক গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান। তবে ছিটকে আসা স্প্লিন্টারের আঘাতে সাংবাদিক আওয়াল শেখ সামান্য আহত হন।
ভুক্তভোগী সাংবাদিক রকিবুল ইসলাম মতি বলেন, ‘আমরা রাতে এখানে বসে কথা বলছিলাম। হঠাৎ দুই যুবক আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। একটি গুলি আমাদের বসার চেয়ারে এসে বিদ্ধ হয় এবং চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসে।’
দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবির জানান, দুর্বৃত্তের ছোড়া গুলির একটি স্প্লিন্টার সাংবাদিক আওয়াল শেখের বুকে লেগে চামড়া ছিলে গেছে। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে এবং কারা এই গুলির ঘটনা ঘটিয়েছে, তা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এ ঘটনার নিন্দা এবং সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নেতারা। যৌথ বিবৃতি দিয়েছেন, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।
বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনের মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন এবং বিএফইউজে সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনসহ জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খুলনা মহানগরীতে কর্মরত সকল সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।