চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক এক কোটি ৭৬ লাখ টাকার আটটি সোনার বার জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন বিজিবি। এ সময় সোনা পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদে জানা যায়, দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপিকে সতর্ক করা হয় এবং একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়।
বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে মুন্সিপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে সন্দেহভাজন মো. মিজানুর রহমান (৬১) নামে এক ব্যক্তিকে টহলদল থামায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি কোমরে লুঙির ভাঁজে সোনা বহন করার কথা স্বীকার করেন।
পরে ওই ব্যক্তির শরীর তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৬ লাখ এক হাজার ২৩০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি ডায়াং মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক মো. মিজানুর রহমান (৬১) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে। মিজানুর ও জব্দ করা মালামাল দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার সোনা সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানায়।