স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের চাঁচড়া রায়পাড়া মাদক ব্যবসায়ী সোহেল শেখকে তিনবছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সুধাংশু শেখর রায় এ সাজা দেন। সাজাপ্রাপ্ত সোহেল শেখ শহরের চাঁচড়া রায়পাড়ার চুন্নু শেখের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, ২০১২ সালের ২১ এপ্রিল দুপুরে বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন যশোর স্টেশনে এসে পৌছায়। ট্রেনের যাত্রী সোহেল শেখ প্ল্যাটফর্মের নামলে তাকে দেখে রেলওয়ে পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশ তাকে আটক ও হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় রেলওয়ে পুলিশের এএসআই গোবিন্দ কুমার মন্ডল বাদী হয়ে আটক সোহেলের বিরুদ্ধে খুলনা জিআরপি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সোহেল শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড, তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোহেল শেখ কারাগারে আটক আছে।