কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পুশইনের চেষ্টা করা ওই চারজনের মধ্যে দুই নারী ও দুই পুরুষ ছিলেন বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে বিএসএফ ১৪৬ ব্যাটালিয়নের 'উদয় কিষাণ' ক্যাম্প থেকে ওই চার ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।
এ সময় সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং কার্যকর প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং সকাল আনুমানিক ৮টার দিকে ওই চার নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।