দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় 'কৃষক সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য অফিসের আয়োজনে মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকায় হাসিবুর রহমান মেম্বারের বাড়ির পাশে মঙ্গলবার (৯ জুন) এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল। তার বক্তব্যে তিনি সরকারের কৃষি ও কৃষক-বান্ধব নীতি এবং নির্বাচনি ইশতেহারের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম এবং দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন।
সমাবেশে বক্তারা সরকারের নির্বাচনি ইশতাহার বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও স্মার্ট কৃষিব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, সরকারি প্রণোদনা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার কথা জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাঠপর্যায়ে সরকারের এই উন্নয়ন ও প্রচার কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
কৃষক সমাবেশে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, কৃষি ব্লকের কর্মকর্তা-কর্মচারী এবং মথুরাপুর ইউনিয়নের প্রান্তিক ও আদর্শ কৃষকরা উপস্থিত ছিলেন।