স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া এলাকায় পূর্ববিরোধের জেরে গরুকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কা জানিয়ে কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোছা. নাসরিন নাহার (৩৬)।
জিডিতে নাসরিন নাহার অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে মুরগির খামার ব্যবসার সঙ্গে জড়িত। অভিযুক্ত শাহানারা বেগম ও তার মেয়ে জুইও একই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। মুরগি বিক্রির মূল্য নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
নাসরিনের দাবি, গত ২৪ আগস্ট রাতে তিনি নিজ বাড়ির গোয়ালে গরুটিকে সুস্থ অবস্থায় রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে গোয়ালে গিয়ে গরুটিকে মৃত অবস্থায় দেখতে পান। গরুটির মৃত্যুর ধরন দেখে খাবারের সঙ্গে কোনো বিষাক্ত পদার্থ মিশিয়ে খাওয়ানোর কারণে গরুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে তার সন্দেহ হয়।
জিডিতে তিনি আরও অভিযোগ করেন, পূর্ববিরোধ ও হুমকির জেরে শত্রুতাবশত অভিযুক্তরা গরুটিকে বিষ প্রয়োগে হত্যা করে থাকতে পারেন। তবে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগ অস্বীকার করে শাহানারা বেগম বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে আমার কোনো হাত নেই।
নাসরিন নাহার জানান, গরুটি মারা যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে তার সম্পদ, গবাদিপশু কিংবা পরিবারের সদস্যদের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।