স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার সাবেক মেধাবী ছাত্রী তাসলিমা খাতুন ক্যানসারে আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিনের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় তার পরিবার সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।
তাসলিমা বর্তমানে ঢাকার মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ আশরাফ-উদ-জামান মাহমুদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
তাসলিমার স্বামী শামীম রেজা জানান, স্ত্রীর চিকিৎসায় এ পর্যন্ত পরিবারের জমানো সব সঞ্চয় শেষ হওয়ার পাশাপাশি আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছ থেকে ধারদেনা করে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে।
পরিবারের সদস্যরা জানান, তাসলিমার চিকিৎসা অব্যাহত রাখতে নিয়মিত কেমোথেরাপি ও ইমিউনোথেরাপিসহ প্রয়োজনীয় উন্নত চিকিৎসা জরুরি। কিন্তু দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। ফলে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নেওয়া এখন তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এক সময়ের মেধাবী ও অমায়িক এই ছাত্রীর চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের দানশীল ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বজনরা। তারা বলেন, সর্বস্তরের মানুষের সামান্য সহযোগিতাও তাসলিমার চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাহায্য পাঠাতে বিকাশ (ব্যক্তিগত) ০১৯৫৩-৮০৪৩৯৪ (তাসলিমা) বিকাশ/নগদ (ব্যক্তিগত) ০১৯৯৫-৬৩৫৬৭৭ (স্বামী- শামীম রেজা), সোনালী ব্যাংক, রাজগঞ্জ শাখা, হিসাব নম্বর: ২৩২৯১০১০২৮৩৪৪।