কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নবগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জেলে হেলাল শেখের মরদেহ উদ্ধার। ফাইল
ছবি:
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ইলিশ ধরতে গিয়ে ফেরির সঙ্গে নৌকার ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার তিন দিন পর জেলে হেলাল শেখের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে খুলনার আবালগাতী এলাকায় নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। নিহত হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় হেলাল শেখসহ তিন জেলে ডিঙি নৌকায় করে উপজেলার বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরতে যান। এ সময় নদীতে প্রবল স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে তাদের নৌকাটি নোঙর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তিন জেলেই নদীতে পড়ে যান।
দুই জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও হেলাল শেখ প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পাশাপাশি স্বজন ও স্থানীয়রা নদীর তীরের বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন।
অবশেষে বৃহস্পতিবার সকালে খুলনার আবালগাতী এলাকায় নদীতে হেলাল শেখের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
হেলাল শেখের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।