স্টাফ রিপোর্টার
, যশোর
প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত তিন সদস্যের কমিটি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঘোষিত তফসিল ক্লাবের নোটিস বোর্ডে টাঙিয়ে দেয়।
তফসিল অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব যশোর কার্যালয়ে ভোটগ্রহণ করা হবে।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি জানানো যাবে। একই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আপত্তির শুনানি হবে। সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে। ৬ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৮ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পাঁচ হাজার টাকা করে, সহসভাপতি ও যুগ্ম সম্পাদক পদে তিন হাজার, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে আড়াই হাজার এবং কার্যনির্বাহী সদস্য পদে দুই হাজার টাকা জমা দিতে হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মনোনয়নপত্র সংগ্রহের রশিদ জমা দিতে হবে। ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশাপাশি ছবি থাকবে বলেও জানানো হয়েছে।
নির্বাচন পরিচালনার জন্য গঠিত তিন সদস্যের কমিটিতে রয়েছেন, চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্যসচিব অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল এবং সদস্য জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম।