কুষ্টিয়া প্রতিনিধি
পরকীয়া সম্পর্কে জড়িয়ে কুষ্টিয়ায় একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন শাকিল ও নুরুন্নাহার নামে এক প্রেমিকযুগল। বর্তমানে তারা দুইজনই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের রেইনউইক পার্কে এ ঘটনা ঘটে।
নুরুন্নাহার কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল গ্রামের এনামের মেয়ে এবং শাকিলের বাড়ি ওই উপজেলার কুরিপোল গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শাকিল ও নুরুন্নাহার দুইজনের বাড়িই কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে দুইজন একসঙ্গে রেইনউইক পার্কে ঢোকেন। কিছুক্ষণ পর পার্কের ভেতরে তারা একসঙ্গে বিষপান করেন।
বিষক্রিয়ায় অসুস্থ হয়ে দুইজনই অস্বাভাবিক আচরণ করতে থাকলে বিষয়টি পার্কে থাকা লোকজনের নজরে আসে। তারা ওই দুই নর-নারীকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, দুইজনকে একসঙ্গে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের এখনো জ্ঞান ফেরেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ঘাস মারা বিষজাতীয় কিছু পান করেছেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, তাদের দুইজনের বাড়ি মিরপুর উপজেলায়। তারা দুইজনই বিবাহিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের কারণে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।