অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জুনায়েদ গাজী (৪) নামে এক শিশুর মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন এলাকায় একটি সরকারি ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছেলে।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চাচাতো ভাই ফাহিমের (৬) সঙ্গে দক্ষিণ দেয়াপাড়া-পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভৈরব নদে গোসল করতে নামে জুনায়েদ। ওই সময় তীব্র স্রোতে সে নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুনায়েদ নিখোঁজ হওয়ার পর বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলের আশপাশে উদ্ধার অভিযান চালায়। পরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল নৌকাযোগে আবারও উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে সকাল ১০টার দিকে ভৈরব সেতুসংলগ্ন এলাকায় বিআইডব্লিউটির একটি ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় জুনায়েদের মরদেহের সন্ধান পাওয়া যায়।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ২২ ঘণ্টা পর নিখোঁজ শিশু জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ড্রেজার মেশিনের পাখায় আটকে যাওয়ায় মরদেহটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।