অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মালেক শেখ (৫০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মরিচা-ভবনীপুর গ্রামের একটি সুপারিবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মালেক শেখ ওই গ্রামের ধলামিয়া শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে মালেক শেখ ভ্যান নিয়ে এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যান। রাতে বাড়িতে ফিরে না আসায় সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়িসংলগ্ন সুপারি বাগানের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মালেক শেখ নামে এক ভ্যানচালকের মরদেহ সুপারিবাগান থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা বলা সম্ভব হবে।