তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
নারীর ক্ষমতায়ন, অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে তালায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) তালা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, মো. জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম লাল্টু, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পরিবারের নারী প্রধানের নামে কার্ড প্রদান করা হচ্ছে। দেশের আটটি বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা এবং সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর আজ ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে এই কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে প্রদান করা হবে। পিএমটি স্কোরের ভিত্তিতে নির্বাচিত নারী প্রধানদের এই সুবিধা দেওয়া হবে।
এর অংশ হিসেবে তালায় ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ছয় হাজার ৬৮১ জন সুপারভাইজার মাঠে কাজ করছেন। তারা ট্যাবলেটের সাহায্যে সরাসরি অনলাইন ডাটাবেজে তথ্য ইনপুট করবেন।