অভয়নগর (যশোর) প্রতিনিধি
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নওয়াপাড়া পীরবাড়ি এলাকা থেকে যশোর-খুলনা মহাসড়কে এই মিছিলটি বের করা হয়।
মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আমির সরদার শরীফ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, মাওলানা আব্দুল করিম, সমাজসেবা সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, তারবিয়াত সম্পাদক মাওলানা ইউসুফ ও উপজেলা মিডিয়া সম্পাদক আশিকুল ইসলাম।
মিছিলে আরও অংশ নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বাবুল এবং নওয়াপাড়া পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে এই লংমার্চের আয়োজন করা হয়েছে।
এসব দাবি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি এবং আগামী ৩১ অক্টোবরের ঢাকা–কুষ্টিয়া লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।