ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের কোটচাঁদপুর রোডসংলগ্ন নতুন বাজারের একটি চাটাইয়ের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওয়াদুদ বিশ্বাস কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেল পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) সকালে নতুন বাজার এলাকার ছাগলহাটার পাশে চারদিক খোলা একটি চৌচালা ঘরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।