কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিকিৎসক আমিনুল হক রতনকে তার নিজ চেম্বার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ডা. রতনকে একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. আমিনুল হক রতন বলেন, ‘খারাপ মানুষরা যখন দেশ চালায়, তখন ভালো মানুষদের জেলে থাকাই শ্রেয়।’
এদিকে ডা. রতনের স্ত্রী ডা. লিজা অভিযোগ করে বলেন, কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই পুলিশ তার স্বামীকে তুলে নিয়ে গেছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে—সে বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলেও তারা কোনো সদুত্তর দেয়নি বলে দাবি করেন তিনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।