স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২১ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ নভেম্বর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতের ৭৮টি শাড়ি, ৩৮টি কম্বল, আটটি চাদর, একটি থ্রি-পিস, সাড়ে চার কেজি জিরা, ২৭ প্যাকেট ফুচকা, সাড়ে ১৩ কেজি কিসমিস, দুই কেজি কাজুবাদাম, এক হাজার ১৩৯টি চকলেট, ২১টি খাদ্যসামগ্রী, এক হাজার ৩৩৬টি কসমেটিকস এবং ১২০টি মোবাইল ফোনের ডিসপ্লে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদক ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হচ্ছে।
সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।