সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রামে শালিখা নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে তালা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, শালিখা নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে খেশরা ক্যাম্পের পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয় খেশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু বলেন, ‘নদীতে লাশ ভাসতে দেখে এলাকার মানুষ পুলিশে খবর দেয়। উদ্ধার হওয়া লাশটি দেখে মনে হচ্ছে আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বয়সী কোনো যুবকের। তবে লাশটিতে পচন ধরায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।’
স্থানীয় ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানান, ভাসমান লাশের পরনে জিন্স প্যান্ট ও ইংরেজিতে 'টাইটানস' (Titans) লেখা ফুলহাতা গেঞ্জি রয়েছে। লাশটি পচে ফুলে যাওয়ায় মুখমণ্ডল চেনা যাচ্ছে না।