মেহেরপুর প্রতিনিধি
২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মাওলানা তাজউদ্দীন খান। পুনর্নির্বাচিত হওয়ার পর শুক্রবার (৬ নভেম্বর) জেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
তিনি নবনির্বাচিত জেলা আমিরকে শপথবাক্য পাঠ করান।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর কেন্দ্রীয় নির্বাচন বিভাগের উদ্যোগে মেহেরপুর জেলার রুকনদের (সদস্য) গোপন ভোটে ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মাওলানা তাজউদ্দীন খান আবার নির্বাচিত হন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।