খুলনা অফিস
খুলনার সোনাডাঙ্গা এলাকার আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জসিম (৫০) কে ১৭ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৭-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (৬ নভেম্বর) এসআরবি খুলনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার জসিম খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হাজী তমিজউদ্দীন সড়ক বাইলেন এলাকার হোসেন আলীর ছেলে। জাহাঙ্গীর হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালে জসিম নিহত জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন এবং পেশায় ছিলেন রিকশাচালক। জাহাঙ্গীরের বাড়ির পাশের এক দোকানদারের হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে দেওয়ার কথা বলে ৮০০ টাকা নেন জসিম। ফোন বা টাকা ফেরত না দেওয়ায় ওই বছরের ১৯ মে সকালে স্থানীয়ভাবে সালিশ বসে। সালিশে জসিমের চুরির বিষয়টি প্রমাণিত হলে তাকে ফোন ও টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জাহাঙ্গীর তাকে বাসা ছেড়ে দিতে বলেন।
এই ঘটনার জেরে ওই দিন বিকেলেই জাহাঙ্গীরের ওপর ক্ষুব্ধ হয়ে জসিম ধারালো ছুরি দিয়ে তার ঘাড়ের বাঁ পাশে আঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।