মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে এক মুদি ব্যবসায়ীর বাড়ির গেটে শপিং ব্যাগে ভরে তিনটি ককটেলসদৃশ বস্তু, চিরকুট ও সাদা কাফনের কাপড় ঝুলিয়ে রেখে গেছেন দুর্বৃত্তরা।
চিরকুটে মুদি দোকানের ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা না করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে মেহেরপুর শহরের শিবপুর দক্ষিণপাড়ায় ব্যবসায়ী মো. ফারুক হোসেন পিন্টুর বাড়ির গেটে এসব বস্তু দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
ফারুক হোসেন পিন্টু শিবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা মো. রুহুল আমিনের ছেলে। পরিবারের সদস্যদের ধারণা, বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা শপিং ব্যাগে করে তিনটি ককটেলসদৃশ বস্তু, তিন পাতার একটি চিরকুট ও সাদা কাফনের কাপড় গেটের দরজায় ঝুলিয়ে রেখে যায়।
চিরকুটে মুদি দোকানের ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা করা যাবে না বলে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।