কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আব্দুর রশিদের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।আগুনে ঘরের পালঙ্ক, তোষক, আসবাবপত্রসহ ব্যবহার্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
অল্পের জন্য রক্ষা পেয়েছে ঘরের পাশে থাকা একটি ধানের গোলা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রশিদ মাস্টারের বসতঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। রশিদ মাস্টারের পরিবার খুলনায় বসবাস করায় ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল।
স্থানীয়দের ধারণা, কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে জানালার ফাঁক দিয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বাড়িতে কেউ না থাকায় কারা এই আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।