কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং এতে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়ন নাগরিক সমাজ (সিএসও) কমিটির উদ্যোগে এবং হেলভেটাস বাংলাদেশের ‘এনাবেল’ প্রকল্পের সহযোগিতায় এই আয়োজন করা হয়।
কয়রা উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি অধ্যাপক আ ব ম আব্দুল মালেকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার লুৎফর রহমান।
তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সাধারণ মানুষের মতামত ও চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা গেলে উন্নয়ন পরিকল্পনা আরও বাস্তবসম্মত ও কার্যকর হবে। এলাকার প্রকৃত সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।
কর্মশালায় মূল বিষয়ের ওপর আলোচনা করেন হেলভেটাস এনাবেল প্রকল্পের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা (সিনিয়র প্রজেক্ট অফিসার) প্রতিভা বিকাশ সরকার। তিনি বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ, এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ এবং পরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সমাজের ভূমিকা তুলে ধরেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষক দেবদাস সরকার, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, নাজমুছ সাদাত, আবুল কালাম শেখ, শফিকুল ইসলাম সানা, শাহানারা জামাল, মুর্শিদা আক্তার, উপজেলা সিএসও নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মোল্যা মনিরুজ্জামান এবং ইউনিয়ন সিএসও কমিটির মিজানুর রহমান লিটন, শাবানা আক্তার ও বাসন্তী মুন্ডা প্রমুখ।
কর্মশালায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নাগরিক সমাজের ভূমিকা, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। শেষে প্রতিটি ওয়ার্ডের চাহিদার ভিত্তিতে ইউনিয়নের একটি সমন্বিত বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়, যেখানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।