মেহেরপুর প্রতিনিধি
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) সকালে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত ফাঁড়ির (বিওপি) হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য জানান।
কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, সীমান্ত দিয়ে মাদকসহ কোনো ধরনের চোরাচালান ও অবৈধ পণ্য যেন দেশে ঢুকতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি এলাকা সমান গুরুত্ব দিয়ে ২৪ ঘণ্টা নজরদারির আওতায় রাখা হয়েছে এবং টহল বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে তিন ফুটের বেশি উচ্চতার কোনো ফসল উৎপাদন করতে দেওয়া হবে না। নির্ধারিত সীমার মধ্যে উঁচু ফসল থাকলে সীমান্তের নিরাপত্তা ও নজরদারিতে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার কৃষকদের সচেতন করা হচ্ছে।
বিজিবির এই কর্মকর্তা জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সীমান্তের প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানও উপস্থিত ছিলেন।