মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী লুৎফর রহমানের বিরুদ্ধে চাকরি স্থায়ী করার প্রলোভন দেখিয়ে এক লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, টাকা ফেরত এবং চাকরি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সিমু আক্তার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মহেশপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিমু আক্তার জানান, তিনি ২০১৯ সাল থেকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে আউটসোর্সিংয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছিলেন। চাকরি স্থায়ী ও নিয়মিত করার আশ্বাস দিয়ে হাসপাতালের অফিস সহকারী লুৎফর রহমান তার কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা নেন।
সিমু আক্তার অভিযোগ করেন, সম্প্রতি লুৎফর রহমান অর্থের বিনিময়ে নিজের ভাতিজাকে হাসপাতালে নিয়োগের ব্যবস্থা করেন। পাশাপাশি সিমু আক্তারের কর্মস্থল টিকিট কাউন্টারে পান্না নামে আরেক নারীকে বসিয়ে দেওয়া হয়। ফলে দীর্ঘদিন কর্মরত থাকার পরও কোনো কারণ ছাড়াই তাকে কর্মস্থলে কাজ করতে দেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও জানান, আকস্মিকভাবে চাকরি হারানোয় এবং টাকা ফেরত না পাওয়ায় তিনি পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাজের সুযোগ চাইলেও তাকে যোগ দিতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অফিস সহকারী লুৎফর রহমান অর্থ গ্রহণ ও চাকরিচ্যুত করার অভিযোগ অস্বীকার করেন।