সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বিলাল হোসেন নামে একজন সাংবাদিককে বাড়ি থেকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে আটিরওপর গ্রামে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মী এই চেষ্টা করেন বলে ওই সাংবাদিক জানিয়েছেন।
ভুক্তভোগী বিলাল হোসেন দৈনিক আমাদের সময়ের শ্যামনগর প্রতিনিধি ও সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি। তিনি স্থানীয় একটি পত্রিকা ও অনলাইন পোর্টালেও কাজ করেন।
বিলাল হোসেন জানান, বুধবার রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তার বাড়ি এসে ডাকাডাকি করেন। তিনি বাইরে বেরিয়ে এলে তাকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ কয়েকজন নেতা তার জন্য রাস্তার ওপর অপেক্ষা করছেন।
তাদের কথামতো তিনি ও তার বাবা আক্তার মল্লিক রাস্তায় গিয়ে দেখেন, ওই তিন নেতা ছাড়াও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, মমিনুর রহমান মমিন, আবদুল্লাহ, সাবেক জাসাস নেতা আবু মুসা কাজলসহ আরও কয়েকজন সেখানে দাঁড়িয়ে আছেন।
বিলাল হোসেনের অভিযোগ, সড়কে পৌঁছানোর পর তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা করা হয়।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি পাশের একটি মাছের ঘেরে পালিয়ে যান। পরে তাকে না পেয়ে বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়।
একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এলে তার বৃদ্ধ বাবা আক্তার মল্লিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বলেন, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন।
তাদের দাবি, বুধবার রাতে রমজাননগরের ভেটখালী এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আবদুল কাদের নামের এক সৈনিকলীগ নেতার ফোন পরীক্ষা করে আওয়ামী লীগের কয়েকটি টেলিগ্রাম গ্রুপে বিলাল হোসেনকে যুক্ত দেখা যায়। ওই গ্রুপে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বৈঠক নিয়েও আলোচনা হয়েছিল।
এই দুই নেতা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করার জন্য বিলালের বাড়িতে যাওয়া হয়েছিল। কিন্তু তিনি ফেসবুক লাইভে এসে বিভ্রান্তিকর তথ্য ছড়ান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিলাল পালিয়ে যান এবং তার বাবা পুলিশের গাড়িতে হামলা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।