টিআরএমভিত্তিক স্থায়ী সমাধানের দাবি
স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ভবদহ এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনের নামে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত সেচ প্রকল্পে আপত্তি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। সেচ প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয় দাবি করে নদী-খাল সচল করা এবং বিলগুলোতে জোয়ারাধার (টিআরএম) চালুর দাবি জানায় আন্দোলনের প্লাটফর্মটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ ও কৃষিমন্ত্রীর কাছে পৃথক স্মারকলিপি দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে ভবদহকে বৃহত্তর যশোরের প্রস্তাবিত সেচ প্রকল্প থেকে বাদ দিয়ে পৃথক ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর যশোরের বিভিন্ন এলাকাকে অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত এই সেচ প্রকল্প ভবদহের জলাবদ্ধতা নিরসনে কার্যকর হবে না। এর আগে ২০২০ সালে বৈদ্যুতিক সেচযন্ত্রের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্যোগও সফল হয়নি। ভবদহ অঞ্চলের প্রায় ১৩০ কিলোমিটার নদী ও খাল পলি জমে ভরাট হয়ে যাওয়ায় ৬০টির বেশি বিল ও জনপদ জলাবদ্ধতার শিকার হচ্ছে। এমনকি শীত মৌসুমেও অন্তত ১৫টি গ্রাম এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে।
আন্দোলনকারী নেতারা মনে করেন, নদী-খালের স্বাভাবিক প্রবাহ সচল রাখা এবং বিলগুলোতে টিআরএম চালু করা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই নদী-খাল খনন ও সচল করার পাশাপাশি গত ১৬ মে জাতীয় কর্মশালায় গৃহীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিমুর রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্যসচিব চৈতন্য কুমার পাল ও ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।