দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় মাদক, বাল্যবিয়ে, ইভ টিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেবহাটা থানার সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পুলিশিং কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন। সভা পরিচালনা করেন তিনি। এ ছাড়া বক্তব্য দেন থানার ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর রহমান, সেক্রেটারি এইচ এম এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, দেবহাটা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান এবং উপজেলা জামায়াতের নেতা জিয়াউর রহমান।
বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে পুলিশকে সহযোগিতা করা সম্ভব। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে পুলিশকে তথ্য দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরির আহ্বান জানান তারা।
সমাবেশে রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।