লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
ট্রাকের ধাক্কায় তপন রায় (৫০) নামে একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তুলারামপুর হাইওয়ে থানার এসআই মো. মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তপন রায় যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর গ্রামের অজিত রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কিসমত মাহমুদপুর গ্রাম থেকে ভ্যান নিয়ে বেরিয়ে চাঁচড়া এলাকায় ধান নিতে যান তপন রায়। পরে ভ্যানটি গ্রামের রাস্তা দিয়ে যশোর-নড়াইল মহাসড়কে ওঠায় সময় নড়াইলমুখি একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুলারামপুর হাইওয়ে থানার এসআই মো. মহিদুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় একজন ভ্যানচালক মারা গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।