শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা অ্যাসিড নিক্ষেপের মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে মানববন্ধন করেছে কয়েকটি ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী বাসস্ট্যান্ডে আয়োজিত এ মানববন্ধন থেকে মামলার নিরপেক্ষ তদন্ত, কারাবন্দী স্বজনদের মুক্তি এবং আশরাফুজ্জামান মনা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আসমা আক্তার খুশি, রুপালি খাতুন, আব্দুস সালাম, রুবিনা খাতুন, রেশমা আক্তার, ছাবিনা খাতুন, আনাস হোসাইন, সেলিনা পারভীন ও সুজন বিল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী গ্রামের আনছার উদ্দিনের ছেলে শাহীন ও তার দুই বোনের কাছ থেকে জমি কিনে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছে তাদের পরিবার। কিন্তু জমি বিক্রির পর শাহীন বিষয়টি অস্বীকার করছেন বলে তাদের অভিযোগ।
বক্তারা অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের প্রতিবাদ করায় পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একপর্যায়ে আশরাফুজ্জামান মনা ও তার সহযোগীদের বিরুদ্ধে রাতের আঁধারে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ তোলেন তারা।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় দায়ের করা অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মহাসিন আলী গাজীর ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে মামলা করেন। আসামি করা হয়েছে কুরমান আলী মোড়লের ছেলে বেল্লাল হোসেনসহ মোট পাঁচজনকে।
পরিবারের দাবি, জমি দখলে বাধা দেওয়ার জের ধরে গত ১৮ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। তাদের অভিযোগ, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ মামলায় মুজাহিদুল ইসলাম ও বেল্লাল হোসেন বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে রয়েছেন বলেও জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মামলা ও জমি নিয়ে বিরোধের ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে আশরাফুজ্জামান মনা ও মামলার বাদী বিল্লাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।