যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৮:৩৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:২২ পিএম
সাতক্ষীরায় কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

উপকূলীয় অঞ্চলের হারিয়ে যেতে বসা অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় খাদ্য সংস্কৃতি পুনরুজ্জীবন এবং নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে 'কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা'।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের রাজা প্রতাপাদিত্যর বাসভবন সংলগ্ন হাসারচক দীঘির পাড়ে গ্রিন কোয়ালিশন ও স্থানীয় সংগঠনগুলোর উদ্যোগে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।

এতে কৃষক-কৃষানি, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সরকার প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

মেলায় ধুমঘাট ও হাসারচক গ্রামের পাঁচটি স্থানীয় সংগঠনের ২১ জন সদস্য অংশ নেন। এর মধ্যে দশজন অচাষকৃত উদ্ভিদ প্রদর্শনী এবং ১১ জন রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রদর্শনীতে ৭৫ প্রজাতির অচাষকৃত উদ্ভিদ স্থান পায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল থানকুনি, হেলাঞ্চি, শাপলা, গাদোমনি, আদাবরুন, পেপুল, ইপিলইপিল, দুর্বা, তুলসী, সেঞ্চি, বামনআটি, বিলকুমারী, কলমি, কচুশাক, নাটা, অশ্বগন্ধা, শিষাকন্দা, ঘুমশাক, ডুমুর, আকন্দ, মাটিফোড়া, তিতবেগুন, নিমুখা, বৌনুটি, ধুতরা প্রভৃতি।

প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা এসব উদ্ভিদের পরিচিতি, গুণাগুণ, প্রাপ্তিস্থান, প্রাপ্তির মৌসুম, মানুষ ও প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহার এবং খাওয়ার পদ্ধতি তুলে ধরেন। পাশাপাশি উদ্ভিদগুলোর পুষ্টিগুণ, ওষধি ব্যবহার ও সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর গ্রিন কোয়ালিশনের সভাপতি জিল্লুর রহমান।

বক্তব্য দেন ধুমঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার রপ্তান, প্রভাষক শফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য কমলা রানী মৃধা, গ্রাম্য চিকিৎসক আব্দুর রশিদ, সহকারী শিক্ষক শাহিনুর রহমান, কৃষানি হাসিনা বেগম ও সরস্বতী রানী, কৃষক আবুল হোসেন, বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডল, প্রতিমা রানী, আল মামুন, লিপিকা রানী ও হাবিবুর।

এসময় কৃষানি হাসিনা বেগম বলেন, আগেকার সময়ে উপকূলীয় এলাকায় প্রচুর উদ্ভিদ বৈচিত্র্য ছিল। কিন্তু বর্তমানে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, প্রাকৃতিক দুর্যোগ, কৃষিজমি কমে যাওয়া এবং লবণাক্ততা বৃদ্ধির কারণে এসব উদ্ভিদ দিন দিন কমে যাচ্ছে। আমাদের নিজেদের স্বার্থেই এসব উদ্ভিদ বৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন।

এদিকে, রান্না প্রতিযোগিতায় স্থানীয় নারীরা বিভিন্ন ধরনের কুড়ানো শাক, মূল ও কন্দজাতীয় উপাদান ব্যবহার করে ঐতিহ্যবাহী নানা খাবার প্রস্তুত করেন। পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী খাবারের স্বাদ, পুষ্টিগুণ ও উপস্থাপনার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করেন।

এর মধ্যে কুড়ানো শাকের মেলায় প্রথম স্থান অধিকার করেছেন একাদশী, দ্বিতীয় ফজিলা বেগম ও তৃতীয় হয়েছে হাসিনা বেগম।

এছাড়া রান্না প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ফতেমা বেগম, দ্বিতীয় নার্গিস বেগম ও তৃতীয় হয়েছেন সরস্বতী রানী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)