মাগুরা প্রতিনিধি
মাগুরায় গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় আইডিইবি মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের ভায়না মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে আবার ভায়না মোড়ে এসে শেষ হয়। পরে জেলা আইডিইবি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইডিইবি মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মো. মাহবুবুর রহমান টিটোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মুনির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সালমান হায়দার।
সভায় দেশের অবকাঠামো নির্মাণ, অগ্রগতি ও জাতীয় উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা, মেধা ও শ্রমের মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। দেশ ছোট হলেও সবার সম্মিলিত প্রচেষ্টা ও দেশপ্রেম নিয়ে কাজ করলে বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া সম্ভব।