চৌগাছা (যশোর) প্রতিনিধি
কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল র্যালি করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের বড় কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সমাবেশে যোগ দিতে চৌগাছা শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেতাকর্মীরা একত্রিত হন। পরে সেখান থেকে সহস্রাধিক মোটরসাইকেলের একটি র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। তিনি বলেন, দিল্লিতে বসে খুনি হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যে ষড়যন্ত্র করছেন, তা কখনো সফল হবে না। এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না।
আব্দুস সাত্তারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, আব্দুল আলিম, মেহেদী হাসান, হাদিউজ্জামান হাদী, বিএম ইকলাস, শাহিনুর রহমান, মিলন হোসেন এবং ইমন হাসান রকি বক্তব্য রাখেন।