স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের অভয়নগরে পৈত্রিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অসুস্থ পিতার সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
একইসঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগও করেছেন তারা।
শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত মকিম উদ্দীন মোল্লার নামে অভয়নগর থানার ধোপাদী ও বুইকারা মৌজায় প্রায় ২৩১ শতক জমি রয়েছে। মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন অসুস্থ ও স্মৃতিশক্তি হারানো অবস্থায় ছিলেন। এ সুযোগে বড় ছেলে ইব্রাহিম হোসেন রনি জালিয়াতির মাধ্যমে ১৪৪ শতক জমি নিজের নামে হেবা দলিল করে নেন। এই অভিযোগ তুলেছেন রনির বোন পাপিয়া খাতুনসহ অন্যান্য উত্তরাধিকারীরা।
তারা জানান, বিষয়টি জানতে পেরে তারা যশোর আদালতে দেওয়ানি মামলা (নম্বর-১৬৬/২৫) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। তবে, মামলা চলমান থাকা অবস্থাতেই প্রভাবশালী একটি মহল অভিযুক্তের কাছ থেকে জমি ক্রয় করে জবরদখলের চেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে পাপিয়া বলেন, অসহায় নারী হওয়ায় আমাদের কথা কেউ শুনছে না। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও বেআইনিভাবে জমি দখল করা হচ্ছে।
গত ১৪ এপ্রিল বিকেলে অভিযুক্ত রনি তাকে ও তার বোনদের উদ্দেশ করে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে, আনীত অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম হোসেন বলেন, ‘আমার তিন বোন বাবা বেঁচে থাকাকালে কোনো খোঁজখবর নেয়নি। আমি বাবাকে দেখাশোনা করেছি। তিনি মারা যাওয়ার আগে কিছু সম্পত্তি আমার নামে হেবা করে দিয়ে গেছেন। আর জীবননাশের হুমকির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’
ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা দাবি করেন, আদালতের রায় না হওয়া পর্যন্ত যেন কেউ ওই জমি ক্রয় বা দখলের চেষ্টা না করেন।