সাতক্ষীরা প্রতিনিধি
চার দিনের ব্যবধানে আবারও সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়েছে নয় কেজি ওজনের এক কোরাল মাছ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে মাছটি ধরেছেন আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম।
পেশায় দিনমজুর রবিউল জীবিকার তাগিদে বছরের প্রায় ছয় মাস দেশের বিভিন্ন জেলায় কাজের সন্ধানে থাকেন। বাকি সময় তিনি খোলপেটুয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
রবিউল জানান, ২০২৬ সালে খোলপেটুয়া নদী থেকে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। এর মধ্যে গত ৩১ মে তার জালে ধরা পড়ে ১২ কেজি ওজনের একটি ভেটকি মাছ। এরপর ৪ জুন রাতে আবারও ধরা পড়ে নয় কেজি ওজনের এই কোড়াল মাছটি। অল্প সময়ের ব্যবধানে দুটি বড় মাছ পাওয়ায় তিনি বেশ আনন্দিত।
তিনি বলেন, ‘নদীতে মাছ ধরতে গিয়ে এমন বড় মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। এবারও বড় মাছ পেয়ে খুব খুশি হয়েছি।’

কাপসন্ডা বাজারের মৎস্য ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, রবিউল ইসলাম প্রায়ই খোলপেটুয়া নদী থেকে ধরা মাছ তাদের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে মাছগুলো পাইকারি বিক্রি করা হয়।
তিনি আরও জানান, ‘গতবার ধরা পড়া বড় মাছটি প্রতি কেজি এক হাজার ১০০ টাকা দরে বিক্রি করা হয়েছিল। তবে এবার ধরা পড়া নয় কেজির কোড়াল মাছটি প্রতি কেজি নয় হাজার টাকা দরে বিক্রি হয়েছে।’
স্থানীয়দের মতে, খোলপেটুয়া নদীতে এখনও বড় আকারের দেশী মাছ পাওয়া যায়। মাঝেমধ্যেই জেলেদের জালে ধরা পড়া বড় মাছ স্থানীয় বাজারে ক্রেতাদের আগ্রহের কেন্দ্র হয়ে ওঠে।
ধারাবাহিকভাবে বড় মাছ পাওয়ায় নদীকেন্দ্রিক জীবিকার সঙ্গে যুক্ত জেলেদের মাঝেও নতুন আশার সঞ্চার হয়েছে।