ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের সাফদারপুর স্টেশন পয়েন্টে একটি তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে উত্তর-দক্ষিণ ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে সূত্র জানায়, রবিবার সকাল ৫টার দিকে তেলবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনে প্রবেশের আগেই এর তিনটি বগি রেললাইন থেকে পুরোপুরি ছিটকে পড়ে। ঘটনার পর থেকেই উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
দুর্ঘটনার পরপরই ঈশ্বরদী ও খুলনার উদ্ধারকারী (রিলিফ) ট্রেনকে খবর দেওয়া হলেও বেলা ১১টা পর্যন্ত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
মোবারকগঞ্জ রেলস্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম বলেন, 'আমি এবং আমার টিম বর্তমানে ঘটনাস্থলে আছি। ট্রেনের বগি তিনটি উদ্ধারের জন্য ঈশ্বরদী ও খুলনা উভয় দিকের রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে রওনা দিয়েছে।'
কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে এমন প্রশ্নে এই প্রকৌশলী জানান, উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করার আগে নিশ্চিত করে সময় বলা যাচ্ছে না। তবে দ্রুত লাইন সচল করার চেষ্টা চলছে।