ঝিনাইদহের সাফদারপুরে লাইন মেরামত
ঝিনাইদহ প্রতিনিধি
টানা দশ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তর-দক্ষিণ রেল যোগাযোগ আবার শুরু হয়েছে। খুলনা ও ঈশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঝিনাইদহের সাফদারপুর স্টেশন পয়েন্টে পৌঁছে পাঁচ ঘণ্টার চেষ্টায় লাইনের সমস্য সমাধানের পর রোববার দুপুর ৩টায় রেল চলাচল শুরু হয়।
এর আগে একই দিন রোববার ভোর ৫টায় ঝিনাইদহের সাফদারপুর স্টেশন পয়েন্টে একটি তেলবাহী ট্রেন স্টেশনে ঢোকার আগে এলাকা পার হওয়ার সময় এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তর-দক্ষিণ ছাড়াও খুলনার সাথে ওই রুট দিয়ে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এই পথের ট্রেনযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
দুর্ঘটনায় সাফদারপুরের উভয় পাশের স্টেশনগুলোতে কপোতাক্ষ, রকেট, সীমান্তসহ একাধিক ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উপায় না পেয়ে ট্রেনের অনেক যাত্রী বিকল্প পথে তাদের গন্তব্যে চলে যান। খবর পেয়ে ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি উদ্ধারকারী ট্রেন বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর বেলা ৩টার সময় রেল যোগাযোগ আবার শুরু হয়।

সাফদারপুর স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনে ঢোকার সময় পয়েন্ট এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইন ও স্লিপার দুমড়ে মুচড়ে যায়। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে উদ্ধারকারী দুটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইন ঠিক করে। এরপর বেলা ৩টা থেকে রেল চলাচল শুরু হয়। তবে এ ঘটনায় কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলে জানান তিনি।
মোবারকগঞ্জ রেলস্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। পরে ঈশ্বরদী ও খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া ঈশ্বরদী থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। তবে, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানান এ প্রকৌশলী।