খুলনা অফিস
খুলনার দক্ষিণ লবণচরায় গাজী রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে লবণচরার মাথাভাঙ্গা দশগেট এলাকায় নিজ বাসার কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে।
নিহত রফিকের স্ত্রী হালিমা বেগম জানান, "আমার বড় ছেলে রাগ করে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। তাকে খুঁজতে বের হন আমার স্বামী। ছেলেকে না পেয়ে বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় তিনি বসে ছিলেন। ঠিক তখনই অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সরাসরি তার তলপেটে গিয়ে লাগে।"
গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিএনপি নেতার স্ত্রী আক্ষেপ করে বলেন, "গত ১৭ বছর ধরে শত হামলা, মামলা ও নির্যাতন মোকাবিলা করে সে টিকে ছিল। আর আজ দল ক্ষমতায়, অথচ এখন তাকে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো!"
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।"