যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখল!

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৭:৩২ পিএম
আপডেট : শুক্রবার, ১২ জুন,২০২৬, ১১:০৫ পিএম
সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখল!

কোটচাঁদপুর উপজেলার পাঁচলিয়া গ্রামে একটি রাস্তার ইট তুলে মাটি কেটে দখল করার অভিযোগ উঠেছে সাইদুর রহমান ওরফে মন্টুর বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, বিএনপির পরিচয়ে প্রভাব খাটিয়ে তিনি সরকারি রাস্তার একটি অংশ দখল করেছেন।

এ ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. দবির উদ্দীন কোটচাঁদপুর থানায় মামলা করেন। পরে আদালত থেকে তিনি জামিন নিয়েছেন।

অভিযুক্ত সাইদুর রহমান ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, তিনি একসময় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকলেও গত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও বিএনপির কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন। সেই প্রভাব খাটিয়ে সরকারি রাস্তা দখলের চেষ্টা করেন।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি সান্টু কাজী বলেন, ‘এক সময় সাইদুর রহমান বিএনপিতে সক্রিয় ছিল। পরে সে বিএনপি থেকে সরে যায়। নির্বাচনের সময় আবারও সক্রিয় হয়। তবে, তাকে বিএনপির কর্মী নয় সমর্থক বলা যায়। রাস্তা দখলের যে অপকর্ম সে করেছে, তার দায় বিএনপি নেবে না। এরা দলের বদনাম করার জন্য এসব করছে।’

সরেজমিনে দেখা যায়, পাঁচলিয়া গ্রামের বটতলা এলাকা থেকে উত্তরে ফসলের মাঠের দিকে প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি ইটের সলিং রাস্তা রয়েছে। রাইয়ান জৈব কৃষি প্রকল্পের সীমানা পর্যন্ত বিস্তৃত এ রাস্তার উত্তর প্রান্তের প্রায় ৩০ ফুট অংশের অর্ধেক জায়গার ইট তুলে ফেলা হয়েছে। সেখানে মাটি কেটে গর্ত তৈরি করে তার জমির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে।

রাইয়ান জৈব কৃষি খামারের মালিক ড. নজরুল ইসলাম জানান, ২০১৮ সালে ওই এলাকায় সাড়ে তিন একর জমি কিনে তিনি মুক্তা, মাশরুম, মাছ ও ফলদ গাছের সমন্বয়ে একটি কৃষি প্রকল্প গড়ে তোলেন।

তিনি দাবি করেন, তার খামার প্রতিষ্ঠার বহু আগে থেকে রাস্তাটি স্থানীয় জনগণের ব্যবহারের সরকারি রাস্তা ছিল। পরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে রাস্তার ওপর ইটের সলিং করা হয়।

তিনি বলেন, চলতি বছরের ২০ এপ্রিল খামারে যাওয়ার সময় দেখি সাইদুর রহমান রাস্তার ইট তুলে পিলার বসিয়ে তার কাঁটার বেড়া দিয়েছেন।

বিষয়টি প্রশাসনকে জানালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসে বেড়া অপসারণ করেন। কিন্তু পরে আবার রাস্তার মাটি কেটে নিজের জমির সঙ্গে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি।

এ ঘটনায় গত ৭ জুন দোড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. দবির উদ্দীন বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ২ নম্বর খতিয়ানের ৩২৩ নম্বর দাগভুক্ত জমিটি ইউনিয়ন পরিষদের মালিকানাধীন কাঁচা রাস্তা হিসেবে রেকর্ডভুক্ত। জনসাধারণের ব্যবহারের জন্য রাস্তা হিসেবে এটি সংরক্ষিত রয়েছে এবং ২০২২-২৩ অর্থবছরে এক লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে সেখানে ইটের সলিং করা হয়।

মামলার এজাহারে আরও বলা হয়, রাস্তার ইট তুলে ও মাটি কেটে সরকারি সম্পত্তি দখলের চেষ্টা করা হয়েছে, যা ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ অভিযোগের বিষয়ে সাইদুর রহমান বলেন, রাস্তার অর্ধেক অংশ আমার নিজের জমি। আমার আপত্তি থাকার পরেও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল কোন কথা না শুনে জোর করে আমার জায়গার উপর দিয়ে ইট বিছিয়ে সলিং রাস্তা তৈরি করেন। বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়েও কোন সাড়া না পেয়ে জমি রক্ষায় নিজেই ব্যবস্থা নিয়েছি।

বিষয়টি নিয়ে দোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, এটা বহু পুরনো সরকারি রাস্তা। আগে মাটির রাস্তা ছিল, পরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সলিং করা হয়। রাস্তার ইট তুলে গর্ত করা ঠিক হয়নি।

কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা বলেন, রাস্তাটি ইউনিয়ন পরিষদের এবং জনসাধারণ ব্যবহার করে। প্রথমে সেখানে বেড়া দেওয়া হয়েছিল, যা অপসারণ করা হয়। পরে আবার রাস্তার মাটি কেটে পাশের জমির সঙ্গে মিশিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)