স্টাফ রিপোর্টার
, যশোর
শহরের যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে যশোর ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে শহরের ব্যস্ততম মাইকপট্টি ও চিত্রামোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) মাহফুজুর রহমান। এ সময় রাস্তার দুই পাশে নিয়মবহির্ভূতভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে পার্কিং করা দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার রেকারের মাধ্যমে জব্দ করে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি দশজন মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়া, সড়কের আশপাশে অবস্থান করা চালক ও সাধারণ মানুষকে সতর্ক করে ট্রাফিক পুলিশ জানিয়ে দেয়, চলমান সড়কে কিংবা রাস্তার পাশে অবৈধভাবে মোটরসাইকেল, প্রাইভেটকার বা অন্য কোনো যানবাহন পার্কিং করা যাবে না।
টিআই মাহফুজুর রহমান বলেন, যানজট কমানো, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা নিয়ম অমান্য করে সড়কে যানবাহন পার্কিং করবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এটি একদিনের অভিযান নয়। যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা এবং প্রতিটি মোড়ে পর্যায়ক্রমে এ ধরনের অভিযান পরিচালিত হবে। কোনো ধরনের অবৈধ পার্কিং বা সড়ক দখল বরদাশত করা হবে না।
ট্রাফিক পুলিশের এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে অবৈধ পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। নিয়মিত এ ধরনের অভিযান চললে শহরের যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, অবৈধ পার্কিং ও সড়ক দখলের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ।
প্রসঙ্গত, গত সোমবার অভিযান শুরু হয়। ওই দিন শহরের দড়াটানা, হাসপাতাল মোড়, এমকে রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল জব্দ ও মামলা করা হয়।