ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে ইসলামি বই বিতরণ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) মাদরাসার হলরুমে মাওলানা শামছুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এই বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাতবিলা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক এ কে এম জিয়াউল হক শামীম। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী বই বিতরণ একটি মহৎ ও কল্যাণকর উদ্যোগ। বই মানুষের জ্ঞান বৃদ্ধি, নৈতিকতা গঠন এবং সঠিক জীবনবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামি বইয়ের মাধ্যমে মানুষ পবিত্র কোরআন, হাদিস, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের বিভিন্ন শিক্ষা সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে।
বক্তারা আরও বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সততা ও ন্যায়বোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই আয়োজনের মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ইসলামি আদর্শের প্রচার-প্রসারে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।