মণিরামপুর (যশোর) প্রতিনিধি
নতুন বছর শুরু হতে এখনো বেশ দেরি। এরই মধ্যে মণিরামপুরে মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসাগুলোতে নতুন বছরের বই পৌঁছাতে শুরু করেছে। মঙ্গলবার উপজেলার ১১৯টি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম ও নবম শ্রেণির নতুন বই পৌঁছেছে।
এরআগে গত বৃহস্পতিবার উপজেলার ৬৯টি দাখিল মাদরাসায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বই পৌঁছায়। বই হাতে পেয়েছে এবতেদায়ি মাদরাসাগুলোও।
বিগত বছরগুলোতে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া নিয়ে শঙ্কায় থাকতেন শিক্ষকরা। শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় লেগে যেতো। কিন্তু এবার নতুন বছর শুরুর আগেই শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই পৌঁছে যাওয়াকে সরকারের ভালো উদ্যোগ হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের দেওয়া তথ্যমতে, মণিরামপুরে ১১৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৯টি দাখিল মাদরাসা ও ২৭টি এবতেদায়ি মাদরাসা রয়েছে। যারমধ্যে নতুন বছরে এবতেদায়ির জন্য ৯১ হাজার ৬০০, দাখিল পর্যায়ে এক লাখ ৪০ হাজার ৩৮০ ও মাধ্যমিক স্কুল পর্যায়ে দুই লাখ ৯৪ হাজার ৪৮০ বইয়ের চাহিদা দেওয়া হয়েছে।
চাহিদার বিপরীতে এবতেদায়ির সব বই পেয়ে বিতরণ করা গেছে। দাখিলের এক লাখ দুই হাজার ৭০০ বই পেয়ে বিতরণ সম্পন্ন হয়েছে। আর মাধ্যমিক স্কুলপর্যায়ে ৯০ হাজার ২০০ বই পেয়ে তা বিতরণ সম্পন্ন হয়েছে।
সূত্র জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিনে এবতেদায়ি মাদরাসায় বই পৌঁছে গেছে। একই দিনে দাখিলের বই পৌঁছেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। মঙ্গলবার স্কুলের বই বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে সপ্তম শ্রেণির সব বই ও নবম শ্রেণির গ্রুপ সাবজেক্ট বাদে বাকি বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে।
নতুন বই হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর।
কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ রায় বলেন, ‘মঙ্গলবার সপ্তম ও নবম শ্রেণির ২০২৭ সালের নতুন বই পেয়েছি। আমাদের সপ্তম শ্রেণিতে ৯৫ জন ও নবম শ্রেণিতে ১০০ জন শিক্ষার্থী আছে। সপ্তম শ্রেণির সব বই হাতে পেয়েছি। নবম শ্রেণির গ্রুপ সাবজেক্ট বাদে বাকি বইগুলো পেয়েছি।’
পাতন দাখিল মাদরাসার সহ-সুপার আখতারুজ্জামান বলেন, ‘প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব বই হাতে পেয়েছি।’
মণিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের বই নিতে এসেছিলেন বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।
তিনি বলেন, আগেভাগে বই দেওয়াটা সরকারের খুবই ভালো উদ্যোগ। অন্য বছরগুলোতে নতুন বই পেতে দেরি হতো। তখন বছরের শুরুতে ক্লাস শুরু করতে বেগ পেতে হতো। ফলে শিক্ষার্থীদের পড়ালেখার উপর প্রভাব পড়তো। এবার নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বছরের শুরুতে পড়ালেখা শুরু করতে পারবে। এটা অবশ্যই ভালো।
অভিভাবক জিয়াউর রহমান বলেন, ‘‘আমার সন্তান এবার সপ্তম শ্রেণিতে উঠবে। গত বছর দেখা গেছে স্কুলে সব বই আসতে দুই তিন মাস লেগে গেছে। বাচ্চারা বছরের প্রথমে বই না পাওয়ায় স্কুলে যেতে চাইতো না। বলতো, ‘বই নেই ক্লাস হবে না।’ আমরাও চেপে কিছু বলতে পারতাম না।’’
টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী লামিয়া খাতুন বলে, ‘এই বছর জানুয়ারি মাসের মাঝামাঝিও সব বই পাওয়া যায়নি। পড়ালেখায় সমস্যা হয়েছে। সামনের বছরের নবম শ্রেণির বই আগেভাগে হাতে পেলে আমাদের জন্য খুব ভালো হবে। বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বর মাসে অবসর সময় কাটাতে হতো। এবার আগেভাগে বই পেলে পড়ালেখা অনেকটা এগিয়ে রাখতে পারবো।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘মণিরামপুরে ২৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। আমরা সব শ্রেণির বই হাতে পেয়েছি। আশা করছি চলতি মাসের শেষের দিকে স্কুলে বই পৌঁছাবে।’
মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহ বলেন, ‘নতুন বই যা আসছে সাথে সাথে সেটা স্কুলে পৌঁছে দেওয়া হচ্ছে। মাদরাসার নবম শ্রেণি বাদে বাকি সব শ্রেণির বই পৌঁছে দিয়েছি। স্কুলপর্যায়ে সপ্তমের সব ও নবমের কিছু বই পৌঁছে দিতে পেরেছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে বাকি বই এসে যাবে।’