চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে বিপ্লব হোসেন সাগর (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণের আগেই বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিপ্লব হোসেন সাগর জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
কলেজ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পরীক্ষার হলে প্রবেশ করেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় কলেজের একটি ভ্যানে একজনকে সঙ্গে দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি উত্তরপত্রে দেওয়া অভিভাবকের ফোন নম্বরে যোগাযোগ করেন শিক্ষকরা।
চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পরীক্ষা শুরুর প্রায় দশ মিনিট আগে হলে প্রবেশ করেছিলেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম শাহীন বলেন, শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সাগরকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন জেসি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাগরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।