মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
'মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম'।
এ উপলক্ষ্যে শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও এসইডিপি-এর আয়োজনে এক প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমি সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ১০টি স্টলে খুদে বিজ্ঞানীরা আধুনিক কৃষিভিত্তিকসহ নানা চমৎকার উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে। প্রধান অতিথি প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে প্রকল্পগুলো আরও বাস্তবমুখী করার তাগিদ দেন।
সভায় সংস্কৃতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান শুধু ডিগ্রি দেওয়ার জন্য নয়, দেশের মানবসম্পদ তৈরি করাই সরকারের লক্ষ্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) আশরাফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, পরিসংখ্যান অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী সরদার, প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম ও রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।