স্বেচ্ছাশ্রমে কচুরিপানা তুলোধোনা
স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত ও পরিচ্ছন্ন করতে শহরের দড়াটানা সেতুর দুই পাড়ে চলছে স্বেচ্ছাশ্রম কার্যক্রম। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে সেতুর পশ্চিম পাশে কচুরিপানা পরিষ্কারে কাজ করেছেন নগর যুবদলের নেতা-কর্মীরা। আর পূর্ব পাশে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার উদ্যোগে চলেছে পরিচ্ছন্নতা অভিযান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর ডা. সাদিয়া মনোয়ারা ঊষার একক উদ্যোগে ভৈরব নদ পরিষ্কারের কাজ শুরু হয়।
তার আহ্বানে সাড়া দিয়ে পরবর্তী সময়ে তরুণ, শিক্ষার্থী, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ এতে যুক্ত হন। বুধবার পর্যন্ত টানা ১৩ দিন ধরে চলছে এ কার্যক্রম।

নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, ভৈরব নদ যশোরের ঐতিহ্য। দীর্ঘদিন ধরে নদটির বেহাল অবস্থা দেখে মানুষের মধ্যে আক্ষেপ ছিল। ডা. ঊষার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা এ কাজে যুক্ত হয়েছেন।
নদ পরিষ্কার না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম চলবে। পাশাপাশি দলমতনির্বিশেষে যশোরের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা বলেন, ডা. ঊষার উদ্যোগের ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবকদল, জেলা ছাত্রদল এবং এখন নগর যুবদল পরিচ্ছন্নতা কাজে অংশ নিচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন এ কাজ চালিয়ে যাবে। নদের পাড় পরিচ্ছন্ন হলে নগরবাসীর জন্য স্বস্তিতে সময় কাটানোর পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে শুধু কচুরিপানা অপসারণ নয়, ভৈরব নদকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভৈরব রক্ষা ঐক্য পরিষদের উপদেষ্টা খন্দকার আজিজুল হক মনি বলেন, নদকে প্রবহমান করা, অবৈধ দখলমুক্ত করা এবং পানির দূষণ রোধ করাই তাদের মূল লক্ষ্য।
এজন্য পানিসম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তবে পরিচ্ছন্নতা কাজে লোকবল ও সরঞ্জামের সংকট রয়েছে বলে জানিয়েছেন ভৈরব নদ রক্ষা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য মনজুরুল আহসান রিপন। তিনি বলেন, কচুরিপানা অপসারণের পর সেগুলো সরিয়ে নিতে পৌরসভার গাড়ি প্রয়োজন।
বিষয়টি জেলা প্রশাসক ও পৌরসভাকে জানানো হলেও এখনো গাড়ি পাওয়া যায়নি। স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়াতে যশোর পৌরসভার নয়টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের প্রতিদিন অন্তত দশজন করে কর্মী পাঠানোর আহ্বান জানান তিনি।