কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনদের (মাল্টি স্টেকহোল্ডার) নিয়ে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার (সিএসএ) ও গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর গেইন কল প্রকল্পের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং উত্তরণের গেইন কল প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক জি এম আলতাফ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বক্তারা নিরাপদ ও জলবায়ু সহনশীল কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি অনুসরণ করা জরুরি। বিশেষ করে উপকূলীয় কয়রা অঞ্চলে লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগ কৃষির জন্য বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার (সিএসএ) পদ্ধতি কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, মাটির স্বাস্থ্য রক্ষা, সঠিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি চর্চা নিশ্চিত করতে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) অনুসরণ করা প্রয়োজন। মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে এসব পদ্ধতির বাস্তব প্রয়োগ বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাধক ঢালী, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, শেখ সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, সেলিনা আক্তার লাইলী, স্বাস্থ্য বিভাগের এ বি ছিদ্দিকী, বিলকিস আক্তার, আনিছুর রহমান, প্রাণিসম্পদ বিভাগের আবুল হাসান, বীজ ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সমাজসেবক সানা মুনছুর রহমান, হাফেজ মনিরুজ্জামান এবং স্থানীয় কৃষক আতিয়ার রহমান সানা ও আকবার আলী প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষি, স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বীজ ব্যবসায়ী ও কৃষকেরা অংশ নেন।