যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, দেশে বৃষ্টির আভাস

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৩:৫৩ পিএম
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, দেশে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে কক্সবাজারের টেকনাফসহ চট্টগ্রামের কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিস্তার ঘটতে পারে। শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্র বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৮০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১১ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে বরিশাল ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে যেতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)