যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পিৎজার দুনিয়া ভ্রমণ

জিয়াউদ্দিন সাইমুম

, ঢাকা

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ১২:০০ পিএম
পিৎজার দুনিয়া ভ্রমণ

পিৎজা বা পিজ্জা হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খাবার। এই খাবারটির উদ্ভাবন হয়েছে মূলত ইতালির নাপলি শহরে। কালক্রমে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এবং জনপ্রিয়তাও তুঙ্গে। এটি তৈরি হয় এক প্রস্থ মোটা, সাধারণত গোলাকৃতি রুটির ওপর চিজের প্রলেপ দিয়ে। সাথে অবশ্যই টমেটো এবং কখনো কখনো টমেটোর সস থাকে। এছাড়া স্থান, সংস্কৃতি এবং রুচি ভেদে আরো অনেক কিছুই যোগ করা হয়, যেমন মাংস বা পেঁয়াজ কুঁচি।

বিদেশে যেসব দোকানে পিৎজা বিক্রি হয়, সেগুলোই পিৎজেইরা বা পিজারিয়া। তবে যুক্তরাষ্ট্রে এ ধরনের দোকানকে বলা হয় পিৎজা পার্লার, পিৎজা প্লেস এবং পিৎজা শপ। তবে ভাষাভেদে শব্দটির উচ্চারণে পার্থক্য দেখা যায়। যেমন কোরিয়ানরা বলে ‘খিজা’ আর থাইরা বলে ‘পিছা’। ইউরোপে এটি দুপুর বা রাতের মূল খাদ্য হলেও বাংলাদেশ ও ভারতসহ পৃথিবীর বহু দেশে এটি একটি ঝটপট জাতীয় খাবার।

পিৎজার ইতিহাস প্রাচীনকালে শুরু হয়, কারণ বিভিন্ন প্রাচীন সংস্কৃতি বিভিন্ন টপিংসহ ফ্ল্যাটব্রেড তৈরি করেছিল। পিৎজার একটি অগ্রদূত সম্ভবত ছিল ফোকাচ্চা, একটি ফ্ল্যাটব্রেড যা রোমানদের কাছে panis focacius নামে পরিচিত, যা টপিংসহ তারপর যোগ করা হয়। ১৮ বা ১৯ শতকের প্রথম দিকে ইতালির নেপলসের একই ধরনের ফ্ল্যাটব্রেড ডিশ থেকে আধুনিক পিৎজা উদ্ভূত হয়েছে।

পিৎজা শব্দটি প্রথম নথিভুক্ত হয়েছিল ৯৯৭ খ্রিস্টাব্দে। পিৎজার যে আধুনিক রূপটি এখন বিশ্বজুড়ে খাদ্যরসিকদের রসনা পরিতৃপ্ত করছে, তা মূলত পিৎজার ইতালিয়ান রূপ। ইতিহাসে আছে, ইতালির নেপলস অঞ্চলে একেবারে খেটে খাওয়া মানুষের ক্ষুধা নিবারণ আর রসনাবিলাসের উদ্দেশ্যে ছড়ানো রুটির ওপর সহজলভ্য টমেটো পেস্ট, বাসিলপাতা আর ক্ষেত্রবিশেষে মোজারেল্লা চিজ আর লবণ পানিতে জারানো আনশভি মাছ ইত্যাদি দিয়ে বিক্রি করা হতো রাস্তার ধারে। এই স্ট্রিট ফুডকে সমাজের উঁচুতলার মানুষ খুব ভালো চোখে না দেখলেও এর জনপ্রিয়তা ও উপযোগিতার কারণে তা ইতালির নেপলসে একটি প্রধান খাদ্য হয়ে ওঠে।

১৮৮৯ সালে, ইতালির রানি মার্গারিটার আগ্রহে, তাঁকে নেপলসের সবচেয়ে বিখ্যাত পিৎজার কারিগর পরিবেশন করেন পিৎজা মার্গারিটা। এতে রুটির ওপরে দেওয়া হয়েছিল ধবধবে সাদা মোজারেল্লা, সবুজ বাসিলপাতা আর লাল টুকটুকে টমেটো। ইতালির জাতীয় পতাকার এই তিন রঙের পিৎজা রানির মন ছুঁয়ে যায় এবং পুরো ইতালিতেই এরপর পিৎজা খুব জনপ্রিয় হয়ে ওঠে। পিৎজা নেপোলিতানা, পিৎজা রোমা, সিসিলিয়ান পিৎজা অথবা পিৎজা মনতানারা ইতালির নিজস্ব এই পিৎজাগুলোতে নানা বৈচিত্র্য এনে সারা বিশ্বে কোটি মানুষ এর স্বাদ নিচ্ছে প্রাণ ভরে।

‘I love it, you love it, Even the Ninja Turtles love it...’ এই বাক্যটি আমেরিকায় এক সময় দারুণ জনপ্রিয় হয়েছিল। প্রাথমিকভাবে সেই জনপ্রিয়তা শিশু-কিশোরদের মধ্যে দেখা গেলেও অল্প কিছুদিনের মধ্যেই এই বস্তুটি সমগ্র মার্কিন মুলুকে তার সাম্রাজ্য বিস্তারে সফল হয়। পিৎজা এখন সিম্বল স্ট্যাটাসও বটে। যদিও আমেরিকানরা গলার জোরে বারবার প্রমাণ করতে চায় যে আজকের এই পিৎজা একান্ত তাদের সৃষ্টি, কিন্তু আদতে পিৎজার জন্ম আমেরিকার ‘জন্মের’ বহু আগে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিৎজা অপারেটর্সের সমীক্ষা মতে, আমেরিকানরা প্রতিদিনে ১০০ একর পিৎজা খায় অর্থাৎ প্রতি সেকেন্ডে আমেরিকায় গড়ে ৩৫০টি পিৎজা স্লাইস পেটে চালান দেওয়া হয়। আর একটি সমীক্ষা মতে, ৯৩ শতাংশ আমেরিকান মাসে কমপক্ষে একবার পিৎজা খায়।

৩০০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক কেটো দি এল্ডার লিখেছেন, তখন বড় বড় পাথরের উপর চ্যাপটা পাউরুটি বা ফ্ল্যাট ব্রেড বেক করা হতো জলপাইয়ের তেল সহযোগে। ১০০ খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে লাতিন কবি ভার্জিল তাঁর ‘ইনিড’ গ্রন্থে লিখছেন এক মজার কথা। তৎকালে একটি শক্ত চ্যাটালো ব্রেডকে কড়া করে বেক করে, চপিং বোর্ড বা সবজি কাটার তক্তা হিসেবে ব্যবহার করা হতো। পেঁয়াজ, রসুন, টমেটো ইত্যাদি কাটা হতো সেই ব্রেডের উপর রেখে।

ইটালিয়ান ভাষায় পিসা এবং পিৎজা দুটি শব্দের উচ্চারণ একদম ভিন্ন। বিষয়টা নিয়ে মূলত তিনটি তত্ত্ব আছে। লাতিন ভাষায় ‘পিনসা’ বা ‘পিনসারে’ একটি ক্রিয়াপদ, যার অর্থ চ্যাপটা করা। পিৎজার উৎসমূলে এই শব্দটি থাকতে পারে। আবার গ্রিক ভাষার ‘পিকটা’ শব্দের অর্থ ‘গাঁজানো পেস্টি’। এই শব্দ থেকেও ‘পিৎজা’ নামটি এসে থাকতে পারে। তবে গ্রিক শব্দ ‘পিটা’ অর্থ ‘গমের ব্রেড’। এই পিটা শব্দটি পিৎজা শব্দের মূল হবার সম্ভাবনা বেশি। তবে পিৎজা এখন মোটামুটি গোটা বিশ্বটাই জয় করে ফেলেছে। পুরুষ-নারী, গরিব-ধনী, ছোটো-বড় সবার সমস্ত রকম বিভেদ ঘুচিয়ে এক খাবার টেবিলে তাদের আহ্বান করতে সক্ষম পিৎজা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)